গত ১২ ঘণ্টায় হরমুজ প্রণালি দিয়ে মাত্র তিনটি জাহাজ চলাচল করেছে। গুরুত্বপূর্ণ এই জলপথের পরিস্থিতি এখনো সীমিত পর্যায়ে রয়েছে।
ইরানের তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, এই সময়ে একটি তেলবাহী জাহাজ প্রণালি ছেড়েছে। বিপরীতে দুটি জাহাজ প্রবেশ করেছে। প্রতিবেদনে আরও বলা হয়, ব্রিটিশ নিষেধাজ্ঞার আওতায় থাকা ‘নেরো’ নামের একটি ট্যাংকার পারস্য উপসাগর থেকে বের হয়েছে।
এদিকে যুক্তরাষ্ট্রের অবরোধ উপেক্ষা করে ইরানের পতাকাবাহী একটি জাহাজও প্রণালি অতিক্রম করছে বলে দাবি করা হয়েছে। ‘শুজা ২’ নামের ওই জাহাজটি বন্দর আব্বাসের শহীদ রাজায়ী বন্দর থেকে যাত্রা শুরু করে ভারতের কান্ডলা বন্দরের দিকে যাচ্ছে।
তবে এই তথ্য স্বাধীনভাবে যাচাই করা যায়নি। সমুদ্রযান পর্যবেক্ষণকারী সংস্থার তথ্যে জাহাজটির অবস্থান এখনো হরমুজ প্রণালিতে দেখা যাচ্ছে।
একই সময়ে যুদ্ধ পরিস্থিতি কিছুটা শিথিল হওয়ায় ইরানে বিমান চলাচল আংশিকভাবে পুনরায় চালু হয়েছে। রাজধানী তেহরানের ইমাম খোমেনি ও মেহরাবাদ বিমানবন্দরে ফ্লাইট চালু হয়েছে। এছাড়া দেশটির আরও কয়েকটি আঞ্চলিক বিমানবন্দর চালুর অনুমতি দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আক্রমণের কারণে আকাশপথ বন্ধ রাখা হয়েছিল।




