যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তিচুক্তির জন্য একটি ‘রেড লাইন’ বা চূড়ান্ত সীমারেখা তালিকা পাকিস্তানের কাছে হস্তান্তর করেছে ইরান, যাতে ইসলামাবাদ ওয়াশিংটনকে তা জানিয়ে দেয়।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সম্প্রতি পাকিস্তান সফর করেন। এই সফরের সময়ই তালিকাটি পাকিস্তানের কাছে হস্তান্তর করেন তিনি। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ফার্স নিউজ এজেন্সির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, তেহরানের ‘রেড লাইন’ বা সীমারেখার মধ্যে পরমাণু ইস্যুর পাশাপাশি হরমুজ প্রণালী অন্তর্ভুক্ত রয়েছে।

এতে আরও বলা হয়, এই বার্তা প্রদানের বিষয়টি ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার সঙ্গে সম্পর্কিত নয়। এটি মূলত আঞ্চলিক পরিস্থিতি ও ইরানের অবস্থান পরিষ্কার করার জন্য দেওয়া হয়েছে।

এ বিষয়ে আর কোনও বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর যৌথভাবে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তাৎক্ষণিকভাবে ইরানও পাল্টা হামলা শুরু করে। জবাবে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও স্থাপনায় ভয়াবহ হামলা চালায় ইরানি বাহিনী। এতে অগ্নিগর্ভে পরিণত হয় গোটা মধ্যপ্রাচ্য। সেই সঙ্গে বন্ধ করে দেয় বিশ্ব জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালী। এতে গোটা বিশ্বে জ্বালানি অস্থিরতা দেখা দেয়।

টানা ৩৯ দিন যুদ্ধ শেষে দুই সপ্তাহের সাময়িক যুদ্ধবিরতিতে রাজি হয় যুক্তরাষ্ট্র ও ইরান। গত ৮ এপ্রিল থেকে এই যুদ্ধবিরতি কার্যকর হয়। এই সময়ে পাকিস্তানে শান্তি আলোচনায় বসে ইরান ও যুক্তরাষ্ট্র। কিন্তু সেই আলোচনা ব্যর্থ হয়।

সাময়িক যুদ্ধবিরতির মেয়াদ শেষ হলে এক রকম একক সিদ্ধান্তেই অনির্দিষ্টকালের জন্য যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের মাধ্যমে আবারও আলোচনায় বসার চেষ্টা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। তবে রিপোর্ট লেখা পর্যন্ত ইরান দ্বিতীয় দফায় আলোচনায় বসতে রাজি হয়নি। সূত্র: সিএনএন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here