এবার মধ্যপ্রাচ্যের উপসাগরীয় মার্কিন মিত্র দেশগুলোকে একের বদলে চার হামলা কঠোর হুমকি দিল ইরান।
দেশটি বলেছে, যুক্তরাষ্ট্র যদি একটি হামলা করে, চার গুণ হয়ে ফিরবে সেই জবাব।
আমেরিকার সমর্থনকারী উপসাগরীয় দেশগুলোকে সরাসরি এই হুমকি দিয়েছে তেহরান।
ইরানের ভাইস প্রেসিডেন্ট ইসমাইল সাঘাব ইসফাহানি উপসাগরীয় দেশগুলোকে সতর্কও করে এক্স হ্যান্ডলে লেখেন, ‘‘যদি আমাদের কোনও তৈল শোধনাগার কিংবা কোনও সরকারি এবং প্রতিরক্ষা সংক্রান্ত পরিকাঠামোয় হামলা চালানো হয়, কথা দিচ্ছি, সেই একই পরিকাঠামোয় চারগুণ হামলা হবে, হামলাকারীদের সমর্থকারী উপসাগরীয় দেশগুলোতে।’’
ভাইস প্রেসিডেন্ট আরও বলেন, ‘‘আমাদের অঙ্কটা একটু আলাদা। আমাদের একটি তেল শোধনাগারে হামলা হলে, আমরা চারটি তেল শোধনাগারে হামলা চালাব।’’
প্রসঙ্গত, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারির কয়েক ঘণ্টার মধ্যেই পাল্টা এই হুমকি দেয় ইরান। রবিবার ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিলেন, যদি যুদ্ধবিরতির সময়সীমার মধ্যে সমঝোতার রাস্তায় না আসে ইরান, তাহলে ওদের তেলের সমস্ত পাইপলাইন উড়িয়ে দেওয়া হবে।
ফক্স নিউজ-কে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান, যতক্ষণ না ইরান সমঝোতার রাস্তায় আসছে, মার্কিন বাহিনী ওই জলপথ অবরুদ্ধ করে রাখবে।
পাশাপাশি তিনি এটাও বলেন, ‘‘ইরান যদি তেল রফতানি করতে না পারে, এমনিতেই ওদের পাইপলাইনগুলো অকেজো হয়ে যাবে। আর যদি অকেজো না-ও হয়, তাহলে সেগুলোকে উড়িয়ে দেব আমরা।’’
ঘটনাচক্রে, সোমবার রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করতে পারেন বলে ইরানের সংবাদমাধ্যমগুলোর দাবি। আমেরিকার সঙ্গে ইরানের দ্বিতীয় বৈঠকের কথা চলছে। মধ্যস্থতা করছে পাকিস্তান। কিন্তু সেই প্রচেষ্টায় ইসলামাবাদ কতটা সফল হবে তা ঘিরে এখনও সংশয় রয়েছে। সূত্র: গালফ নিউজ, এনডিটিভি




