প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বিশ্বজুড়ে চিকিৎসাসেবা অত্যন্ত ব্যয়বহুল। তাই শুধু চিকিৎসা নয়, রোগ প্রতিরোধ ব্যবস্থাকেও শক্তিশালী করতে হবে।’ রোগীর সংখ্যা ধীরে ধীরে কমিয়ে আনার ওপর গুরুত্বারোপ করেন তিনি। 

সোমবার (২৭ এপ্রিল) যশোর মেডিক্যাল কলেজ ক্যাম্পাসে ৫০০ শয্যাবিশিষ্ট হাসপাতালের নির্মাণকাজ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘সুস্থ ও সবল জাতি গঠনের জন্য সরকার নিরলস কাজ করছে। মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। সরকারি ব্যবস্থাপনায় বেসরকারি প্রতিষ্ঠানকে সম্পৃক্ত করে চিকিৎসাসেবা আরো বিস্তৃত করার পরিকল্পনা নেওয়া হচ্ছে।’

প্রধানমন্ত্রী আরও ঘোষণা দেন, ‘দেশে এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে, যাদের ৮০ শতাংশই নারী। তারা সারা দেশে কাজ করবেন এবং বিশেষ করে পরিবারের নারী সদস্যদের খাদ্যের গুণগত মান ও স্বাস্থ্য সচেতনতা বিষয়ে পরামর্শ দেবেন। খাদ্যাভ্যাস পরিবর্তনের মাধ্যমে রোগ প্রতিরোধ সম্ভব।’

এর আগে প্রধানমন্ত্রী শার্শার উলাশী খাল পুনঃখনন কার্যক্রম উদ্বোধন শেষে যশোর মেডিক্যাল কলেজ ক্যাম্পাসে পৌঁছান এবং বোতাম টিপে হাসপাতাল নির্মাণকাজের আনুষ্ঠানিক শুরু করেন।

এ সময় মন্ত্রী পরিষদের সদস্য, স্থানীয় সংসদ সদস্যরা ছাড়াও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here