রাঙামাটির লংগদু উপজেলার ভাসান্যাদাম ইউনিয়নে একটি বয়স্ক পুরুষ বন্যহাতির মৃত্যুর পর তার দেহ থেকে শুঁড় ও পায়ের মাংস কেটে নিয়েছে দুর্বৃত্তরা।

সোমবার ভোররাতে আমলকি বাগান এলাকায় এ ঘটনা ঘটে। সংশ্লিষ্ট সূত্র জানায়, গত রবিবার সকালে ওই এলাকায় বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন অসুস্থ থাকা অবস্থায় ৭০ বছর বয়সী একটি পুরুষ হাতি মারা যায়। পরে মৃত হাতিটি অন্য হাতিদের পাহারায় থাকায় ময়নাতদন্ত বা মাটি চাপা দেওয়ার কাজ শেষ করতে পারেনি বন বিভাগ।

তবে রাতে কালবৈশাখী ঝড়ের সময় অন্য হাতিগুলো বনের ভেতরে সরে গেলে সেই সুযোগে দুর্বৃত্তরা হাতির শুঁড় ও পায়ের মাংস কেটে নিয়ে যায়।

পরদিন সকালে পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের কর্মকর্তারা চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় এবং কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্কের চিকিৎসক দল নিয়ে ময়নাতদন্তের জন্য ঘটনাস্থলে পৌঁছান। তারা এসে দেখতে পান, মৃত হাতিটির শুঁড় নেই এবং পায়ের মাংস কাটা অবস্থায় রয়েছে।

পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের কর্মকর্তা মো. রফিকুজ্জামান শাহ বলেন, ‘আমরা তদন্ত করছি কারা হাতির শুঁড় আর মাংস কেটে নিয়ে গেছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। অপরাধীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। বর্তমানে মৃত হাতির দেহ সংরক্ষিত আছে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here