ইরানের ওপর টানা ৩৯ দিন যৌথভাবে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এরপর গত ৮ এপ্রিল থেকে দুই সপ্তাহের জন্য সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয় আমেরিকা ও ইরান।

তার আগে যুদ্ধ চলাকালে একটি মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করে ইরানি বাহিনী। পরবর্তীতে ওই বিমানে থাকা এক পাইলট ও ক্রুকে বিশাল অভিযান চালিয়ে উদ্ধার করে নিয়ে যায় মার্কিন সেনাবাহিনীর স্পেশাল ইউনিট।

 

সংবাদমাধ্যম ওয়ালস্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে জানিয়েছে, ইরান যুদ্ধবিমান ভূপাতিত করেছে এমন খবর জানার পর নিজের সহযোগীদের ওপর কয়েক ঘণ্টা ক্ষোভে চিৎকার-চেচামেচি করেন প্রেসিডেন্ট ট্রাম্প।

এরপর যখন যুদ্ধবিমানের পাইলট ও ক্রুকে উদ্ধার অভিযান শুরু হয় তখন ট্রাম্পকে ‘সিচুয়েশন রুম’ থেকে বাইরে রাখা হয় বলে জানিয়েছেন একটি সূত্র। কার‌ণ ট্রাম্পের অধৈর্য্যতা উদ্ধার অভিযানে ব্যাঘাত ঘটাবে বলে ধারণা ছিল তাদের।

ওয়ালস্ট্রিট জার্নাল আরও জানিয়েছে, যুদ্ধ শুরুর পরই গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধ করে দেয় ইরান, যা পুরো বিশ্বে অর্থনৈতিক চাপ সৃষ্টি করে। এমন পরিস্থিতিতে ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধবিরতি করতে উদগ্রীব হয়ে পড়েন বলে জানিয়েছে ওয়ালস্ট্রিট জার্নাল।

এছাড়া হোয়াইট হাউসের কর্মকর্তারাও অবাক হয়ে যান ইরান এত দ্রুত ও সহজে কীভাবে হরমুজ বন্ধ করে দিয়েছে। এক্ষেত্রে অবাক হন ট্রাম্পও। তিনি এমনও মন্তব্য করেন ‘শুধুমাত্র ড্রোন দিয়েই একটি দেশ কীভাবে হরমুজ বন্ধ করে দিতে পারে’। সূত্র: ওয়াল স্ট্রিট জার্নাল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here