কুমিল্লার দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় সাত দিনমজুর নিহত ও আরও ছয়জন আহত হয়েছেন। কাজের সন্ধানে চট্টগ্রামগামী একটি চালবোঝাই ট্রাকে চড়ে যাচ্ছিলেন তারা। স্বল্প ভাড়ায় যাতায়াতের জন্য ট্রাকের ওপর ওঠার এই ঝুঁকিপূর্ণ সিদ্ধান্তই শেষ পর্যন্ত তাদের জীবনের করুণ পরিণতি ডেকে আনে।
দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন—দিনাজপুরের নবাবগঞ্জ থানার খালিবপুর এলাকার মো. আজাদের ছেলে আফজাল হোসেন (৩৫), একই এলাকার আলমের ছেলে সোহরাব হোসেন (৪০), ফজলুর রহমানের ছেলে সালেক (৪৫), জেলার বিরামপুর উপজেলার ভাইঘর গ্রামের পলাশের ছেলে সুমন (২১), একই গ্রামের বিষ্ণু (৩৫), মজিরুল ইসলামের ছেলে আবু হোসেন (৩০) এবং রাকিবুল্লাহর ছেলে আব্দুর রশিদ (৫৫)।
পুলিশ জানায়, সোমবার (১৩ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক সোয়া ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার হাসানপুর এলাকায়, তাসফিন পাম্পের বিপরীতে চট্টগ্রামমুখী লেনে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই সাতজনের মৃত্যু হয় এবং আরও ছয়জন গুরুতর আহত হন।
ওসি ইকবাল বাহার মজুমদার জানান, হতাহতরা সবাই দিনমজুর। তারা দিনাজপুর থেকে কাজের সন্ধানে চট্টগ্রাম যাচ্ছিলেন। দুর্ঘটনার পর নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। স্বজনরা এলে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।
আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।




