রাজধানীর পল্লবী এলাকায় ‘মিরপুর শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়’ ভোট কেন্দ্রে অবৈধ অনুপ্রবেশ এবং প্রভাব বিস্তারের দায়ে জামায়াতের দাঁড়িপাল্লা মার্কার দুজন পোলিং এজেন্টকে ২ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার রাতে নির্বাচনী দায়িত্ব পালনকালে অনিয়মের অভিযোগে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারা ফারজানা হক তাদেরকে এই কারাদণ্ড দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- মেহেদি হাসান খাদেম (৩২) ও রাইহান হোসেন (২৩)।
প্রত্যক্ষদর্শীরা জানান, নির্বাচনের আগের রাতে ঢাকা ১৬ আসনের মিরপুর শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ‘দাঁড়িপাল্লা’ মার্কার দুইজন এজেন্ট নিয়ম বহির্ভূতভাবে কেন্দ্রে প্রবেশ করেন। অভিযোগ উঠেছে তারা, ওই কেন্দ্রের দায়িত্বরত পোলিং অফিসার মোছা. সুমনা ইসলাম (সহকারী শিক্ষিকা) এর দায়িত্বে তারা ওই ভোট কেন্দ্রে অবৈধভাবে অনুপ্রবেশ করে। অভিযুক্ত সুমনা ইসলাম স্থানীয় ৬নং ওয়ার্ড জামায়াতের সাধারণ সম্পাদকের স্ত্রী। বিষয়টি জানাজানির পর সেখানে উপস্থিত হন নির্বাহী ম্যাজিস্ট্রেট সারা ফারজানা হক। তিনি গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর অনুচ্ছেদ ৭৩-এর ২(বি) ধারা অনুযায়ী অবৈধ প্রভাব বিস্তারের দায়ে ওই দুজনকে ২ বছর সশ্রম কারাদণ্ড প্রদান করেন। একইসঙ্গে ৫ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ১৫ দিনের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেন। একইসঙ্গে অনিয়মের দায়ে অভিযুক্ত পোলিং অফিসার মোছা. সুমনা ইসলামকে তাৎক্ষণিকভাবে নির্বাচনী দায়িত্ব থেকে বহিষ্কার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ- ডিএমপির পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.কে.এম. আলমগীর জাহান বলেন, কারাদণ্ডপ্রাপ্ত দুজনকেই কেরানীগঞ্জ কারাগারে পাঠিয়ে দেয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here