ভারতের হায়দরাবাদে বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যানকে কেন্দ্র করে ঘটে যাওয়া এক ভয়াবহ ঘটনার পর আত্মহত্যা করেছেন এক তরুণী। অভিযোগ, প্রতিহিংসার জেরে এক যুবক জোর করে নিজের সংক্রমিত রক্ত তাঁর শরীরে প্রবেশ করান।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা যায়, গত ১১ মার্চ তেলেঙ্গানা রাজ্যের হায়দরাবাদে এ ঘটনা ঘটে। অভিযুক্ত মনোহর ও ভুক্তভোগী তরুণী পরস্পরের আত্মীয় ছিলেন।

 

পরিবারের পক্ষ থেকে প্রথমে তাদের বিয়ের কথা ভাবা হলেও, মনোহরের স্বাস্থ্য পরীক্ষায় সংক্রমণ ধরা পড়ার পর গত বছরের সেপ্টেম্বরে তরুণী বিয়ে থেকে সরে দাঁড়ান।

এরপর ক্ষুব্ধ হয়ে মনোহর ওই তরুণীর বাড়িতে গিয়ে জোরপূর্বক ইনজেকশনের মাধ্যমে নিজের সংক্রমিত রক্ত তাঁর শরীরে প্রবেশ করান বলে অভিযোগ রয়েছে। ঘটনার পর পুলিশ তাকে গ্রেপ্তার করে।

ঘটনার প্রায় এক মাস পর তরুণীকে নিজ বাড়িতে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। পরিবারের সদস্যরা দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, ওই তরুণী তীব্র মানসিক চাপে ছিলেন। সামাজিক কলঙ্ক, ভয় এবং মানসিক আঘাতের কারণেই তিনি আত্মহত্যার পথ বেছে নিতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

পঁচারাম আইটি করিডর থানার এক কর্মকর্তা বলেন, অযাচিতভাবে সংক্রমণের শিকার হওয়ার মানসিক অভিঘাতই তাঁকে এই চরম সিদ্ধান্তে ঠেলে দিয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। তবে সব দিক খতিয়ে দেখা হচ্ছে।

সূত্র: এনডিটিভি 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here