মার্কিন ব্লকেড বা অবরোধ উপেক্ষা করে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে পারস্য উপসাগরে প্রবেশ করেছে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা তালিকায় থাকা দ্বিতীয় একটি সুপারট্যাঙ্কার। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে শিপিং তথ্যের বরাতে এই চাঞ্চল্যকর তথ্য জানানো হয়েছে।
সামুদ্রিক গোয়েন্দা সংস্থা এলএসইজি এবং কেপলারের তথ্য অনুযায়ী, ‘আরএইচএন’ নামক একটি বিশাল অপরিশোধিত তেলবাহী জাহাজ (ভিএলসিসি) বুধবার শূন্য অবস্থায় উপসাগরীয় জলসীমায় প্রবেশ করে। প্রায় ২০ লাখ ব্যারেল তেল বহনে সক্ষম এই বিশালাকার জাহাজটি ঠিক কোন গন্তব্যে যাচ্ছে, তা এখনো স্পষ্ট নয়।
এদিকে ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা ফার্স নিউজ এজেন্সি নিশ্চিত করেছে যে, মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও একটি ইরানি সুপারট্যাঙ্কার সফলভাবে হরমুজ প্রণালি অতিক্রম করে ইরানের ইমাম খোমেনি বন্দরের দিকে অগ্রসর হচ্ছে। বিষয়টি নিয়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। অথচ এর আগে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) দাবি করেছিল যে, গত সোমবার থেকে শুরু হওয়া তাদের এই বিশেষ অভিযানে এখন পর্যন্ত কোনো জাহাজই অবরোধ ভাঙতে পারেনি এবং তারা অন্তত ১০টি জাহাজকে ফিরিয়ে দিতে সক্ষম হয়েছে।
মার্কিন সামরিক বাহিনীর এমন কঠোর দাবির মুখেই দ্বিতীয় এই সুপারট্যাঙ্কারের প্রবেশের খবরটি নতুন বিতর্কের জন্ম দিয়েছে। মূলত মার্কিন ব্লকেড কতটা কার্যকর হচ্ছে, তা নিয়ে এখন আন্তর্জাতিক মহলে প্রশ্ন উঠছে।
সূত্র: আল জাজিরা




