বাংলাদেশ সেনাবাহিনীর ৭ পদাতিক ডিভিশন ও বরিশাল এরিয়ার দায়িত্বপূর্ণ এলাকা বরিশাল জেলার রহমতপুর এ গ্রীষ্মকালীন প্রশিক্ষণের কার্যক্রম পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার প্রধানমন্ত্রী প্রশিক্ষণ এলাকায় পৌঁছালে তাঁকে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান এবং ৭ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, বরিশাল এরিয়া মেজর জেনারেল এম খায়ের উদ্দীন অভ্যর্থনা জানান।
পরিদর্শনকালে প্রধানমন্ত্রী যুদ্ধক্ষেত্রে সেনাসদস্যদের অবস্থান, রণকৌশলের প্রয়োগ, মৌখিক আদেশ, উদ্ভাবিত বিভিন্ন সমরাস্ত্র প্রযুক্তির ব্যবহার এবং বাস্তবধর্মী প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় তিনি সেনাসদস্যদের সঙ্গে কুশলাদি বিনিময় এবং চলমান প্রশিক্ষণের মান, পেশাদারিত্ব ও অভিযানিক প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করেন।
উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্যে প্রধানমন্ত্রী বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি দেশের জনগণের গভীর আস্থার কথা উল্লেখ করেন। তিনি পেশাদার প্রশিক্ষণ, শৃঙ্খলা ও সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার উপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনীর উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
এ সময় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী জহির উদ্দীন স্বপন, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ড. এ কে এম শামছুল ইসলাম, ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং বিভিন্ন পর্যায়ের সেনাসদস্যরা উপস্থিত ছিলেন।




