ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম বলেছেন, হকারদের শৃঙ্খলার মধ্যে আনতে লাইসেন্স ব্যবস্থা চালু করা হবে। একইসঙ্গে বিকল্প হিসেবে সান্ধ্যকালীন মার্কেট ও হলিডে মার্কেট চালুর পরিকল্পনাও নেওয়া হয়েছে।

সোমবার রাতে রাজধানীর খিলগাঁওয়ে কেপিআরসি’র উদ্যোগে আয়োজিত খিলগাঁও আবাসিক এলাকার সমস্যাদি নিরসনে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

 

ডিএসসিসি প্রশাসক বলেন, লাইসেন্সের মাধ্যমে হকারদের নিয়ন্ত্রণে আনা হবে। প্রতিটি হকারের জন্য লাইসেন্স থাকবে, যা গলায় ঝুলানো বা পকেটে রাখা থাকবে। একইভাবে নির্দিষ্ট স্থানে বসার জন্যও পৃথক পরিচয় থাকবে।

তিনি জানান, রিকশার মতো করে নম্বর ব্যবস্থাও চালু করা হবে। এতে করে এক জায়গায় যতজন হকার বসার অনুমতি থাকবে, ঠিক ততজনই বসতে পারবে। কোনোভাবেই অতিরিক্ত বা অবৈধ হকার বসতে পারবে না। আমরা হকারদের শৃঙ্খলার মধ্যে আনতে চাই। ঢাকা শহর কি সারা বাংলাদেশের সবার জন্যই ব্যবহার করার জায়গা? আমরা ট্যাক্স দিচ্ছি, সবকিছু দিচ্ছি, আর তারা এসে ফ্রি ব্যবহার করবে, এটা তো হতে পারে না।

প্রশাসক জানান, শিগগিরই পুলিশ, সিটি কর্পোরেশন, রাজউকসহ বিভিন্ন সংস্থাকে নিয়ে সমন্বয় সভা করা হবে। এতে এলাকার সমস্যাগুলো দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here