ইরানের সামরিক মহাকাশ কর্মসূচি লক্ষ্য করে বড় ধরনের হামলার দাবি করেছে ইসরায়েল। সোমবার ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে জানিয়েছে, তেহরানের কেন্দ্রস্থলে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ স্থাপনা তারা সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে, যা ইরানের সামরিক মহাকাশ সক্ষমতা বৃদ্ধির কাজে ব্যবহৃত হতো। 

ইসরায়েলের দাবি অনুযায়ী, এই ভবনটি থেকেই ইরানের বিভিন্ন সামরিক মহাকাশ প্রকল্প পরিচালনা করা হতো, যার মধ্যে ২০২৪ সালে উৎক্ষেপণ করা চমরান-১ স্যাটেলাইট তৈরির কার্যক্রমও অন্তর্ভুক্ত ছিল।

 

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বেশ কিছু ছবিতে তেহরানের তারাশত স্পেস রিসার্চ ইনস্টিটিউটে ব্যাপক ক্ষয়ক্ষতির চিহ্ন দেখা গেছে। ইসরায়েলি বাহিনীর মতে, তেহরানের প্রাণকেন্দ্রে অবস্থিত এই গবেষণাকেন্দ্রটি ধ্বংস করার মাধ্যমে ইরানের উন্নত প্রযুক্তিগত সক্ষমতাকে বড় ধরনের ধাক্কা দেওয়া সম্ভব হয়েছে। 

তবে এই হামলার বিষয়ে ইরানের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো মন্তব্য বা ক্ষয়ক্ষতির বিস্তারিত বিবরণ পাওয়া যায়নি। মধ্যপ্রাচ্যে চলমান উত্তপ্ত পরিস্থিতির মাঝে ইসরায়েলের এই নতুন দাবি দুই দেশের মধ্যকার সংঘাতকে আরও জটিল করে তুলতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।

সূত্র: সিএনএন, টাইমস অব ইসরায়েল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here