জুলাই আন্দোলনে লালবাগ থানায় করা একটি হত্যাচেষ্টা মামলায় শুনানির জন্য জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে আদালতে আনা হয়েছে।
মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুর ১টা ৫৬ মিনিটের দিকে একটি সাদা মাইক্রোতে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এরপর আদালতের হাজতখানায় রাখা হয়।
গ্রেফতারের পর ডিবি জানিয়েছে, বিভিন্ন জায়গায় আত্মগোপনে ছিলেন শিরীন শারমিন। সর্বশেষ তিনি ধানমন্ডিতে এক আত্মীয়ের বাসায় ছিলেন। সেখান থেকেই তাকে আজ মঙ্গলবার ভোরে আটক করা হয়।
ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম বলেন, শিরীন শারমিনের বিরুদ্ধে গণঅভ্যুত্থানের সময় সংঘটিত হত্যা মামলাসহ ৬টি মামলার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে তিনটি মামলায় ইতোমধ্যে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে বলে তথ্য পাওয়া গেছে। বাকি তিনটি মামলা বর্তমানে তদন্তাধীন।




