ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থেকে শুরু করে উপজেলা চেয়ারম্যান অবশেষে জাতীয় সংসদ সদস্য হয়ে মন্ত্রিসভায় জায়গা করে নিলেন বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের এমপি মীর শাহে আলম। মঙ্গলবার তিনি নতুন মন্ত্রিসভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন।
মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সকালে তাকে শপথ অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি মিডিয়া সেল রাজশাহী ও রংপুর বিভাগের সমন্বয়কারী এবং বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক কালাম আজাদ।
দীর্ঘ ৩৫ বছর পর বগুড়া জেলা থেকে কেউ মন্ত্রিসভায় স্থান পাওয়ায় জেলায় উৎসবের আমেজ বিরাজ করছে। সর্বশেষ ১৯৯১ সালে বগুড়া সদর আসন থেকে নির্বাচিত অ্যাডভোকেট মজিবর রহমান অর্থ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছিলেন। এরপর আর কেউ মন্ত্রিত্ব পাননি।
মীর শাহে আলম রাজনৈতিক জীবন শুরু করেন মাত্র ২৫ বছর বয়সে বগুড়ার শিবগঞ্জ উপজেলার আটমুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে। পরে তিনি শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। বর্তমানে তিনি বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি এবং শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে ধানের শীষ প্রতীক নিয়ে বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে প্রথমবারের মতো অংশ নিয়ে ১ লাখ ৪৫ হাজার ২৪ ভোট পেয়ে বিপুল ব্যবধানে এমপি নির্বাচিত হন তিনি। স্থানীয় রাজনীতিতে তৃণমূলভিত্তিক সংগঠক ও পরিচ্ছন্ন ভাবমূর্তির নেতা হিসেবে তার পরিচিতি রয়েছে।
নেতাকর্মীরা জানান, মানবসেবা, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানে সহায়তা, ক্রীড়াঙ্গনের উন্নয়ন এবং সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে অবস্থানের কারণে তিনি এলাকায় জনপ্রিয়তা অর্জন করেছেন। পর্যটন ও শিল্পায়নের মাধ্যমে শিবগঞ্জকে নতুনভাবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে তার।
মীর শাহে আলম বলেন, প্রাচীন পুণ্ড্রনগরী খ্যাত মহাস্থানগড় শিবগঞ্জ উপজেলায় অবস্থিত। এখানে অবস্থিত হযরত শাহ সুলতান মাহমুদ বলখী (রহ.)-এর মাজারকে কেন্দ্র করে প্রতিদিন হাজারো মানুষ আসেন। মাজারকেন্দ্রিক উন্নয়ন ও পর্যটন সুবিধা বৃদ্ধির পরিকল্পনা রয়েছে। এছাড়া ব্রিটিশবিরোধী আন্দোলনের প্রথম শহীদ প্রফুল্ল চাকীর স্মৃতি সংরক্ষণেও উদ্যোগ নেওয়া হবে।
তিনি জানান, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় খাতে কার্যকর উদ্যোগের মাধ্যমে বগুড়ার দীর্ঘদিনের উন্নয়ন বঞ্চনা দূর করতে কাজ করবেন।




