মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরানে হামলার পরিকল্পনা আপাতত স্থগিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আলোচনার মাধ্যমে পরিস্থিতি শান্ত করার সুযোগ দিতে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। এর পরপরই আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ২ শতাংশের বেশি কমে গেছে।
মঙ্গলবার এশিয়ার বাজারে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেল ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) প্রতি ব্যারেল ২ দশমিক ০৮ ডলার কমে ১০২ দশমিক ৩৪ ডলারে নেমে আসে।
এ ছাড়া সবচেয়ে কাছের সরবরাহের চুক্তি অনুযায়ী জুন মাসের তেলের দাম ১ দশমিক ৫৪ ডলার কমে প্রতি ব্যারেল ১০৭ দশমিক ১২ ডলারে দাঁড়িয়েছে। এই চুক্তির মেয়াদ মঙ্গলবার শেষ হচ্ছে।
এর আগে সোমবার মধ্যপ্রাচ্যের উত্তেজনার কারণে আন্তর্জাতিক বাজারে তেলের দাম ৩ শতাংশের বেশি বেড়েছিল।
বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি সংঘাতের আশঙ্কা কিছুটা কমে যাওয়ায় তেল সরবরাহ ব্যাহত হওয়ার ভয়ও কমেছে। এতে বাজারে স্বস্তি ফিরে এসেছে এবং তেলের দাম নিচে নেমেছে।
সূত্র : রয়টার্স




