ইরানে হামলার সাথে জড়িত মার্কিন সামরিক বিমানগুলোকে নিজেদের আকাশপথ ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছে স্পেন।
সোমবার দেশটির প্রতিরক্ষামন্ত্রী মার্গারিটা রোব্লেস জানিয়েছেন, যৌথভাবে পরিচালিত সামরিক ঘাঁটিগুলোতে মার্কিন প্রবেশাধিকারের ওপর আগের দেওয়া বিধিনিষেধ আরও প্রসারিত করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে যৌথভাবে পরিচালিত সামরিক ঘাঁটি ব্যবহারে যুক্তরাষ্ট্রকে অনুমতি দেয়নি স্পেন।
মাদ্রিদে সাংবাদিকদের স্পেনের প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘ইরান যুদ্ধের সাথে সম্পর্কিত কোনো কর্মকাণ্ডের জন্য আমরা আমাদের সামরিক ঘাঁটি বা আকাশপথ ব্যবহারের অনুমতি দিচ্ছি না।’
স্পেনের এই সিদ্ধান্তের ফলে মার্কিন বিমানগুলো বিকল্প পথ ব্যবহারে বাধ্য হবে, তবে জরুরি ফ্লাইটগুলো এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।
স্পেনের অর্থনীতিমন্ত্রী কার্লোস কুয়ের্পো বলেছেন, এই সিদ্ধান্তটি মূলত একতরফা এবং ‘আন্তর্জাতিক আইনের পরিপন্থী’ কোনো যুদ্ধের প্রতি স্পেনের সমর্থন না জানানোর প্রতিফলন।
স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ মার্কিন-ইসরায়েলি অভিযানের বারবার সমালোচনা করেছেন, অন্যদিকে (মার্কিন প্রেসিডেন্ট) ট্রাম্প স্পেনের বিরুদ্ধে বাণিজ্য প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছেন।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানের ওপর যৌথভাবে হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল। ওই দিন থেকেই পাল্টা জবাব দিতে শুরু করে ইরানও। এভাবেই টানা ৩১তম দিন গড়িয়েছে যুদ্ধ। ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলোতে অবস্থিত বিভিন্ন মার্কিন সামরিক স্থাপনায় অনবরত হামলা চালিয়ে যাচ্ছে ইরান। এতে অগ্নিগর্ভ হয়ে উঠেছে গোটা মধ্যপ্রাচ্য।
সূত্র : আল-জাজিরা।




